
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন কর্মসূচি এবং নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল । বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা – আরিচা মহাসড়ককে শো ডাউন করেন ।
মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় গিয়ে শেষ হয় ।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন । এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় । পুরো কর্মসূচিতে মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে মহাসড়কের বিভিন্ন অংশে শোভাযাত্রা করেন তাঁরা ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “আগামীকাল বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ সাভারে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে । যারা নাশকতার পরিকল্পনা বা কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে ।
তিনি আরও বলেন, সাভারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন । কোনোভাবেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি কিংবা জনজীবন ব্যাহত হতে পারে এমন কোন কিছু করতে দেওয়া হবে না । লকডাউনের নামে সড়কে অরাজকতা সৃষ্টি বা সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না ।
পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে তমিজ উদ্দিন অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে । তবে সাধারণ শ্রমিকেরা কোনো নাশকতার সঙ্গে জড়িত না । শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের বিষয়কে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে থানায় হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা পার পাবে না । এসব হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে ।
কর্মসূচিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল,সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । কয়েক হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ।