
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ। একই দিনে পরপর দুটি সফল অভিযানে বন বিভাগের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৩ নভেম্বর) কালেঙ্গা রেঞ্জাধীন কালেঙ্গা বিটের হরিণমারা ক্যাম্পের আওতাধীন আব্দুল্লাহপুর ও ১২ ঠিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ১০ ফুট দৈর্ঘ্যের ৫০টি বল্লী উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫০০ দৈর্ঘ্যফুট। এ ঘটনায় বন আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ ঠিলা এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে বন বিভাগ। এ সময় ৫ টুকরো সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৭ দশমিক ৬৪ ঘনফুট। এ ঘটনায়ও বন আইনে পিওআর (POR) মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দুটি অভিযানই সহকারী বন সংরক্ষক, হবিগঞ্জের মো. মাহদী হাসান এবং কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। এ সময় কালেঙ্গা বিটের সংশ্লিষ্ট স্টাফ, হরিণমারা ক্যাম্পের হেডম্যান ও ভিলেজাররা অভিযানে সহযোগিতা করেন।
এদিকে, একই দিনে বন বিভাগের পৃথক দুটি অভিযান পরিচালনা ও বিপুল পরিমাণ কাঠ উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, বন বিভাগের এমন তৎপরতা অব্যাহত থাকলে অবৈধভাবে কাঠ সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িত অপরাধীরা নিরুৎসাহিত হবে। এতে বনজ সম্পদ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর দাবি, শুধু একদিন নয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি অবৈধভাবে কাঠ কাটা, সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ সংরক্ষণ ও পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।