
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার।
আজ ৯ নভেম্বর, ২০২৬খ্রি. আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আমতলী; সহকারী কমিশনার (ভূমি), আমতলী এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমতলী থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরগুনা সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও সেবার মান যাচাই করেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাসপাতাল প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার মান সমুন্নত রাখা এবং তার ধারাবাহিকতা রক্ষা করার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও হাসপাতাল সংশ্লিষ্টদের চাহিদার প্রেক্ষিতে নিরাপদ পানি সরবরাহের নিমিত্ত একটি সাবমার্জিবল পাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন।