
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মাধবপুর বাজারের বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত তাজ মহল আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তাজ মহল আবাসিক হোটেলের ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন।
বুধবার রাত ১০টার পর এক ফ্ল্যাশ রিপোর্টে বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার সেকেন্ড অফিসাহর এসআই প্রদীপ সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌনে ৩টার দিকে পুলিশ তাজ মহল আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর থানার সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মো. রুবেল (২৫), বিজয়নগর থানার মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকা থানার আঃ রশিদ (৩১)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, তাজ মহল আবাসিক হোটেল থেকে মাধবপুর থানার দূরত্ব আনুমানিক ৪০০ থেকে ৫০০ মিটার। থানা এত কাছাকাছি থাকা সত্ত্বেও আবাসিক হোটেলকে ঘিরে এ ধরনের অভিযোগ ও ঘটনার পুনরাবৃত্তি কেন হচ্ছে—এ নিয়ে স্থানীয় বাজারবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাজারবাসীরা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান চালানো প্রয়োজন। একই সঙ্গে মাধবপুর বাজারের আবাসিক হোটেলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর তদারকি কামনা করেছেন তারা।
বাজারবাসীর প্রত্যাশা, বুধবারের অভিযানের মতো ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং আবাসিক হোটেলগুলোতে আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।