
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাস ও হাঁস বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে নবি (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকাগামী হাঁস বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপে থাকা আনুমানিক ৩২ বছর বয়সী নবি নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসারের কাছ থেকে জানা যায়, নিহত নবি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বাসিন্দা। দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরের ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অথচ দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চালকদের সতর্ক করতে সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড বা ব্যানার নেই।
স্থানীয়রা আরও বলেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানার কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।