
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হজে যাওয়ার আগে প্যাকেজের সুযোগ-সুবিধা, আবাসন, খাবার, যাতায়াতসহ বিভিন্ন বিষয় ভালোভাবে জেনে ও বুঝে চুক্তি করার পরামর্শ দিয়েছেন হজ সংশ্লিষ্টরা। শুধু কম খরচের প্যাকেজ দেখে সিদ্ধান্ত না নিয়ে প্যাকেজে কী কী সুবিধা রয়েছে, তা যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
হজযাত্রীদের সচেতনতার জন্য হারামাইন শরিফাইন হজ্জ কাফেলার মোয়াল্লেম আব্দুল আহাদ ১০টি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
হজযাত্রীদের জন্য ১০ পরামর্শ
১. সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখুনশুধু কম বা বেশি টাকার ভিত্তিতে হজ প্যাকেজ নির্বাচন না করে প্যাকেজের সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে জেনে, শুনে ও বুঝে চুক্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
২. হজ প্যাকেজের বিস্তারিত জেনে নিনপ্যাকেজের মেয়াদ, সৌদি আরবে মোট কতদিন অবস্থান করতে হবে, মক্কা ও মদিনায় কতদিন থাকা হবে এবং অবস্থানের ব্যবস্থা কী ধরনের—এসব বিষয়ে আগে থেকেই পরিষ্কার ধারণা নিতে হবে। একই সঙ্গে মোয়াল্লেমের অতিরিক্ত সেবা ও তার খরচ সম্পর্কেও জানতে হবে।
৩. মক্কা-মদিনায় আবাসনের অবস্থান যাচাই করুনমক্কায় বাসা সমতল এলাকায় নাকি উঁচু স্থানে, কাবা শরিফ থেকে কত দূরে—এসব তথ্য আগে জেনে নেওয়া জরুরি। একইভাবে মদিনায় মসজিদে নববী থেকে আবাসনের দূরত্বও জেনে নিতে হবে।
৪. খাবারের ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হনসৌদি আরবে পৌঁছানোর পর তিন বেলা খাবার সরবরাহ করা হবে কি না, হলে কীভাবে দেওয়া হবে এবং খাবারের বিকল্প ব্যবস্থা কী—এসব বিষয় প্যাকেজ নেওয়ার আগেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৫. কোরবানির বিষয়ে সতর্ক থাকুনকোরবানি নিয়ে প্রতারণা এড়াতে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) অনুমোদিত কুপন সংগ্রহ করে কোরবানি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
৬. শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকুনহজের সফরে প্রচুর হাঁটাচলা করতে হয়। অনেক সময় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক যানবাহন পাওয়া যায় না। তাই হজযাত্রীদের শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
৭. আবাসন পরিবর্তনের বিষয়টি জেনে নিনমক্কায় কাবা শরিফের কাছে বা দূরে একাধিকবার আবাসন পরিবর্তনের ব্যবস্থা রয়েছে কি না, তা আগে জানতে হবে। এ ধরনের স্থানান্তর বা আবাসন পরিবর্তন হজের আগে নাকি পরে হবে, সেটিও পরিষ্কারভাবে জেনে নেওয়া প্রয়োজন।
৮. হজের মূল দিনগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে জানুনমিনা ও আরাফাতে খাবারের ব্যবস্থা, যাতায়াত, মক্কায় তাওয়াফ ও সাঈ করতে যাওয়ার ব্যবস্থা এবং মোয়াল্লেম কী কী সেবা দেবেন—এসব বিষয়ে প্যাকেজ নেওয়ার আগে বিস্তারিত জেনে নেওয়া উচিত।
৯. হজের নিয়মকানুন ভালোভাবে শিখুনহজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও প্রয়োজনীয় নিয়মকানুন সম্পর্কে আগে থেকেই জ্ঞান অর্জন করতে হবে। এজন্য প্রয়োজনীয় বই-পুস্তক ও হজ গাইড সংগ্রহ করে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১০. ঘোষিত প্যাকেজ যাচাই করুনসরকার ঘোষিত হজ প্যাকেজের তুলনায় অস্বাভাবিক কম টাকায় হজ করানোর প্রস্তাব পেলে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কম খরচের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকতে পারে।
হজযাত্রীদের উদ্দেশে সংশ্লিষ্টরা বলছেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই প্যাকেজ নির্বাচনের ক্ষেত্রে শুধু মূল্য নয়, সেবার মান, আবাসন, খাবার, পরিবহন ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।