
সোহেল রিয়ান, তালতলী প্রতিনিধি :
বরগুনার তালতলীতে ব্যাপক প্রোগ্রামের মাধ্যমে যথাযথ মর্যাদা ও উৎসবের সাথে পালিত হয়েছে মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিনটি পালনে ভাষা শহীদদের স্মরনে পুষ্পাঞ্জলি অর্পণ থেকে শুরু করে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে তালতলী উপজেলা প্রশাসন। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও নানামুখী কর্মসূচি পালন করতে দেখা গেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২.০১ মিনিটে উপজেলা শহিদ মিনারে ভাষা শহীদদের স্মরনে পুষ্পাঞ্জলি অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে কালো বেশ ধারণ ও প্রভাত ফেরী,সকাল ১০ টায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ছড়া,কবিতা, রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ও উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জোমাদ্দার উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে এই পুরস্কার তুলে দেন।
পাশাপাশি বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্য শিশুদের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী একুশে মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
জানাগেছে তালতলীতে এই প্রথমবারের মতো দিনব্যাপী একুশে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ২৪ টি স্টল উপস্থিত ছিলো। যে সকল স্টল উপস্থিত ছিল উপজেলা শিক্ষা অফিস,উপজেলা তথ্যসেবা কেন্দ্র,তালতলি সরকারি কলেজ,এনজিও ফোরাম,পুলিশ কনট্রোলরুম তালতলী থানা,উপজেলা স্বাস্থ্যকেন্দ্র,ইসলামিক ফাউন্ডেশন, ভাই ভাই স্টোর,রংছড়ি ডিজাইন পয়েন্ট,হারপাওয়ার,সিফাত খেলনা স্টোর,রাহাত পোশাক ঘর,সুমাইয়া’স কেক,পরিপূর্ণ পটুয়াখালী,শিশু একাডেমি,মরানিদ্রা নকশিকাঁথা,থাই চকলেট,মামুন লাইব্রেরী,গোলের গুড়,মধূঘর,রাখাইন মার্কেট, তালতলী ব্লাড ডোনার,চরপাড়া কৃষাণ কৃষাণী সমিতি,রাখাইন পিঠাঘর।
শিশুদের নিয়ে মেলায় ঘুরতে আসা অভিভাবকরা জানান, উপজেলা প্রশাসনের এই উদ্যোগে আমরা অনেক খুশি। এই ধারা অব্যাহত থাকলে ৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের শিশুরা কখনোই ভুলবে না।