
রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
“বাংলাদেশ দলিল লেখক সমিতি” নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে, ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) লাগেশ্বরী বাসস্ট্যান্ড উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতি ও নাগেশ্বরী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ রবিউল আলম রানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা সমিতির কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সদস্য মোঃ শাকিল আলম।
দলিল লেখকদের ৭ দফা দাবিগুলো হলো:
১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৫,০০০/- টাকা বাস্তবায়ন করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।
৫. যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু পেশাগত কারণে দলিল লেখক/মুসাবিদাকারককে আসামি করা যাবে না।
৬. দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
দলিল লেখক সমিতির প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।