1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ ওসি ও সাংবাদিক আহত, পুলিশের গাড়িতে আগুন নিকলীতে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২-এর উদ্বোধন পল্লী সঞ্চয় ব্যাংকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তেঁতুলঝোড়াকে একটি আধুনিক ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য – কাউসার খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরণ আহত -১ বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ চার আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বেনাপোল বন্দরে আওয়ামী লীগের দোসরদের ঠেকাতে শ্রমিকদের পথসভা। নিকলীতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পলাতক

নিকলীতে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২-এর উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে, ক্রীড়া হলে পেশা—পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে এবং একাডেমি সুপারভাইজার আরাধন দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ, নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, নিকলী গোড়াচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরপরই নিকলীতে স্থানীয়ভাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা উপস্থিত অতিথি ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও শামীম আরা বলেন, সারা দেশের মতো নিকলী উপজেলাতেও নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কঠোর অধ্যবসায়, পরিশ্রম, সময়ানুবর্তিতা ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি মাদকের প্রভাব থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তারা উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, আজকের খেলায় যারা বিজয়ী হয়েছে, তারা যেমন বিজয়ী, তেমনি যারা বিজয়ী হতে পারেনি তারাও পরাজিত নয়। বরং আজকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও ভালো করার সুযোগ রয়েছে। খেলাধুলায় অংশগ্রহণ, চেষ্টা ও অভিজ্ঞতা অর্জনই একজন খেলোয়াড়ের বড় সাফল্য।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু) বলেন, দেশের ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত ও প্রতিভাবান খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জেলা ও বিভাগীয় পর্যায়ে উন্নীত করা হবে। বিজয়ীদের জন্য পোশাকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্যও সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে নিকলীর প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকশিত হবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে নতুন প্রজন্ম।
অনুষ্ঠানের শুরুতে নিকলী একাদশ ও কারপাশা একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়দের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২-এর যাত্রা শুরু হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park