
শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:-
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার নিজ দখলীয় জমি থেকে ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের এসআই মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ভূঞাপুর থানার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আল আমিনের পাটক্ষেতে তল্লাশি চালিয়ে ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটক আল আমিন বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।
এ ঘটনায় এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।