
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৪, ১০:১১
পঞ্চগড়ে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় মূর্তি পাচারের দায়ে ৩ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট বাজার এলাকা থেকে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— দেবীগঞ্জ উপজেলার বন্দীরাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. শাহীন (৪০), তেঁতুলিয়া উপজেলার কৃষ্ণকান্ত জোত এলাকার মৃত আমানত আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৪৮) ও মো. একরামুল হকের ছেলে মো. শহিদুল (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কষ্টি পাথরের মূর্তি ক্রয় বিক্রয় হবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন ব্যক্তি বানুরহাট এলাকায় অবস্থান করছে এমন তথ্য আসে গোয়েন্দা পুলিশের কাছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বানুর হাট বাজারে আশ-পাশ ও দোকানে ওঁৎ পেতে থাকেন। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আবু হোসেন এর নেতৃত্বে একটি টিম ফার্মেসিতে প্রবেশের সময় ১৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তিসহ ৩ জনকে আটক করে পুলিশ।
জব্দ করা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন ১৭ কেজি। মূর্তিটির অনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।