
মোল্লা মনিরুজ্জামান মনির(ইতালি থেকে):
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের নগর পত্তন শুরু হয় সত্তরের দশক থেকে। ১৯৭৮ সালে রোমে আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্যতম ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব নজরুল ইসলাম মুকুল। সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক বিভিন্ন মহলে যার ছিল অবাধ বিচরণ। সেই ব্যক্তি ২৯ আগস্ট তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। আজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে তাঁর নামাজে জানাযা। সেই সাথে হাজার মানুষের শোক, শ্রদ্ধা এবং ভালবাসায় চিরবিদায় নিলেন ইতালিতে বাঙালীদের প্রথম সংগঠন বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে থাকা এই সাংস্কৃতিক সম্পদক।
ইতালির বাংলাদেশ কমিউনিটির প্রবীণ এই ব্যক্তি পাবনা জেলার, নাটিয়াবাড়ির সন্তান।শুক্রবার রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে নজরুল ইসলাম মুকুল এর জানাযার নামাজে তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন রোমের বিভিন্ন ব্যাবসায়ী, আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালি প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, সাবেক সভাপতি জি এম কিবরিয়া, পাবনা জেলা সমিতি ইতালির নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপদেষ্টা পারভেজ আলী খান, সহ সভাপতি মাসুদ করিন, ঝন্টু সরকার, কোষাধক্ষ্য আরসাদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রুহুল আমিন আকাশ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের স্মৃতিচারন করতে গিয়ে অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তার মৃত্যুতে ইতালিতে শোকের ছায়া নেমে আসে।