
মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-
খুলনার দিঘলিয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান,শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদকের কুফল সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাট-বাজারে জনসচেতনতামূলক সভা ও প্রচারণা পরিচালনা চলমান আছে যাহা আরো বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করা আবশ্যক, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি উপজেলার সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করা, বাজার তদারকি জোরদার এবং মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এবছর বৃষ্টিপাত বেশি হচ্ছে এর ফলে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনগণের দুর্ভোগ বেড়েছে। এ ব্যাপারে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক আমাদের উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত জনসাধারণকে সরকারের পক্ষ থেকে সাহায্য করেছেন। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মাহবুবুল আলম, দিঘলিয়া এবং খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খান গোলাম রসুল, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও গাজীরহাট ইউনিয়নের প্রশাসক কপিল দেব বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম. শাহ আলম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা ও বারাকপুর ইউনিয়নের প্রশাসক পুষ্পেন্দু দাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মল্লিক, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য পলি আক্তার, শেখ আসাদুজ্জামান ও মুফতি আহামুদুল্লাহসহ আরো অনেকে।
এছাড়া দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন সভায় অংশগ্রহণ করেন।
—