
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।
রবিবার (২৬ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল রবিবার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।
বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। পাশাপাশি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।