
প্রতিনিধি, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজের হাতে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠান শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন-এ শেষবারের মতো ফিরলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী সিতেশ রঞ্জন দেব। তাঁর মরদেহ প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনা হলে সেখানে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন ও প্রকৃতি সংরক্ষণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছিলেন সিতেশ রঞ্জন দেব। তাঁর প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন অসংখ্য আহত, অসহায় ও বিপন্ন বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করেছে।
মরদেহ প্রতিষ্ঠান প্রাঙ্গণে পৌঁছালে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবউল্লাহ আকন, বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লাহ, ডা. হরিপদ রায়, শিক্ষক জহর তরফদার, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ, সমাজসেবক আব্দুর রহিম নোমানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।
শেষ শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা সিতেশ রঞ্জন দেবের মানবিকতা, প্রাণপ্রেম ও বন্যপ্রাণী সংরক্ষণে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের মতে, তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান এবং তাঁর আদর্শ আগামী প্রজন্মকে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে অনুপ্রাণিত করবে।
স্থানীয়দের ভাষ্য, সিতেশ রঞ্জন দেবের মৃত্যু শ্রীমঙ্গলের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর স্বপ্ন ও কর্ম মানুষের হৃদয়ে এবং তাঁর প্রতিষ্ঠিত বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্য দিয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।