
নুর আলাম বিপ্লব
নোয়াখালী।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নে শপিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর এক আমেরিকাপ্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, তিনি পরিচিত এক যুবকের সঙ্গে চলে গেছেন। তবে এ অভিযোগের বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. রুবেলের বাড়ি দেউটি ইউনিয়নের পিতাম্বপুর গ্রামের মোল্লাবাড়ি। তার স্ত্রী নুসরাত জাহান জেনী (২৪) কয়েকদিন আগে বাবার বাড়ি বারগাঁ ইউনিয়নের মকিল্লা বড় বাড়িতে বেড়াতে যান।
পরিবারের দাবি, গত ১০ জুলাই শপিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। তাদের অভিযোগ, সজীব নামে এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি ওই যুবকের সঙ্গেই চলে গেছেন। তবে এ দাবির বিশ্বস্ত কোনো সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিবার আরও অভিযোগ করেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় জেনী নগদ অর্থ ও উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। ঘটনার পর মেয়ের সন্ধান চেয়ে তার বাবা জাকির হোসেন টিপু সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অন্যদিকে, স্ত্রীকে খুঁজে পেতে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রবাসী স্বামী মো. রুবেল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নুসরাত জাহান জেনীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত পরিবারের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।