
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
মাধবপুর (হবিগঞ্জ), ২৫ জুলাই ২০২৬:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালুবাহী যান আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া এলাকায় চৌমুহনী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় উপজেলা প্রশাসনের অভিযানে একটি বালুবাহী যান আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ের করা মামলায় আসামি মো. পিপন মিয়াকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মনতলা পুলিশ ফাঁড়ির এএসআই রতন, পুলিশ সদস্য ছোটন এবং ভূমি অফিসের একটি টিম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।