
সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে গাজীপুরের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে বন্ধুদের সঙ্গে নিকলী হাওর ভ্রমণে এসে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি হাওর এলাকায় গোসল করতে পানিতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে লাফ দিলে হাওরের প্রবল স্রোতের টানে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তারা অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছেন। এরপর ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে এসে হাওর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
তবে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান না মেলায় সেদিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে নিকলী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ উপস্থিত থেকে তদারকি করেন। কিন্তু হাওরের প্রবল স্রোত ও প্রতিকূল পরিবেশের কারণে রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ হাওর এলাকার নৌকার মাঝি, মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নদী বা হাওরের কোথাও কোনো মৃতদেহ বা মৃতদেহ সদৃশ কিছু দেখতে পেলে দ্রুত প্রশাসন বা ফায়ার সার্ভিসকে অবহিত করতে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্থল ও নদী ফায়ার স্টেশনের সাব-অফিসার সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, শনিবারের উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে আগামীকাল (রোববার) আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। নিখোঁজ পর্যটকের স্বজনরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় ঘটনাস্থলে অবস্থান করছেন।