
নুর আলাম বিপ্লব
।”ভরপুর মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট (রবিবার) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইসলাম জুঁইনের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।
বক্তারা বলেন,দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের অবদান অপরিসীম।
আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। অবৈধ জালের ব্যবহার বন্ধ ও জলাশয় সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করে সাফল্য অর্জন করায় স্থানীয় শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে কবিরহাট থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফিন শামস ,কবিরহাট উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌরসভা বিএনপি’র আহব্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু , সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন জেলা বিএনপির সদস্য গোলাম মমিন ফয়সাল সহ্ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার বিপুল সংখ্যক মৎস্য চাষী উপস্থিত ছিলেন।