
সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী–কিশোরগঞ্জ
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) সম্মিলিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নিকলী নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পিএফজি ও ওয়াইপিএজির নিকলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও পিএফজির পিস অ্যাম্বাসেডর সাইফুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন নিকলী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ও নিকলী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খায়রুল মোমেন (স্বপন), নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এএইচএম আছাদ, সাবেক ইউপি সদস্য ও পিএফজি নেতা মো. জসিম উদ্দিন এবং কামরুল আহসান (স্বাধীন)।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও নিকলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, সংরক্ষিত নারী ইউপি সদস্য মারজিয়া আক্তার, সাবেক নারী ইউপি সদস্য রুমা আক্তারসহ পিএফজি ও ওয়াইপিএজির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। ষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত পূজার প্রতিটি পর্ব যেন হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্ভয়ে ও নির্বিঘ্নে পালন করতে পারেন, সে জন্য প্রশাসনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।