
শাহ আমানত মিঠু
উপজেলা প্রতিনিধি।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নেতৃত্বে এবং বাদাবন সংঘের বাস্তবায়নে মাগুরায় ‘Swadhinata (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় অর্ধদিবসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাগুরা শহরের দি রয়েল পার্টি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিজিটাল গণতন্ত্রের প্রসার এবং মতপ্রকাশের স্বাধীনতা শক্তিশালী করার লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়।
কর্মশালায় যুবসমাজ, নারী, শিক্ষার্থী, স্থানীয় নেতৃত্ব, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডিজিটাল অধিকার, নিরাপদ অনলাইন চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেকিং, সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্ব বিকাশ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মতপ্রকাশ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তাই অনলাইনে নিরাপদ ও দায়িত্বশীল আচরণের পাশাপাশি সঠিক তথ্য যাচাই করে গ্রহণ ও প্রচার করা অত্যন্ত জরুরি।
কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের দক্ষতা ও ভুয়া তথ্য প্রতিরোধে সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।