
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ কাপালির মোড় এলাকায় ঢাকাগামী ‘সোনারতরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী ‘সোনারতরী’ বাসে তল্লাশি চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে মনিরুল ইসলামকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
১৬ বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা হেরোইনসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।