
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে সাজিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০৩৬) উপজেলার বুল্লা ইউনিয়নের মাউনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। অভিযানকালে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে সাজিদ মিয়াকে ওই জরিমানা করা হয়। পরে আইন অনুযায়ী জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এদিকে অবৈধ বালু ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন মাধবপুর উপজেলার স্থানীয় বাসিন্দারা। তারা নতুন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা আইন অমান্য করতে নিরুৎসাহিত হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাধবপুর উপজেলায় অবৈধ বালু ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত রাখা হোক।