
নুরআলাম বিপ্লব–
এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম নোয়াখালী-৫ আসনের কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সকল গরীব ও মেধাবীর শিক্ষার্থীদের পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কবিরহাট উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে ফখরুল ইসলাম বলেন, আমার এলাকার গরীব অথচ মেধাবী এরকম কোনো শিক্ষার্থীকে শুধু টাকার জন্য আমি হারিয়ে যেতে দিব না। তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সকল ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় কবিরহাট উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জনের প্রত্যেককে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট, সনদ, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করে সম্মানিত করা হয়। এছাড়া কোম্পানীগঞ্জে ১২০ জন কৃতি শিক্ষার্থীদের জন্য আলাদা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
এসময় কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, জেলা বিএনপি নেতা গোলাম মৌমিত ফয়সাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম হৃদয় ও কবিরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন।
এ সময় কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।