
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়।
আজ দুপুর ২:৩০ মিনিটে দিকে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা ভূমি অফিসের তফসিল ধার মুতাকাব্বির।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর বুল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আ বুলক মেম্বারের নেতৃত্বে, মাহমুদপুর এলাকায় কৃষকের ফসলি জমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দের পর বিনষ্ট করা হয়।
অভিযানের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অবৈধভাবে কৃষিজমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।
প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।