
সুমন চক্রবর্তী,
স্টাফ রিপোর্টার।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত সত্য ও তথ্যনির্ভর সংবাদ মানুষের সামনে তুলে ধরা। এর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র যেমন ফুটে ওঠে, তেমনি দেশ ও জাতির উন্নয়নেও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
তিনি বলেন, একজন সাংবাদিককে কোনো ধরনের প্রভাব, চাপ কিংবা পক্ষপাতের কাছে নতি স্বীকার না করে পেশাগত সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। স্থানীয় সাংবাদিকরা নিজ নিজ এলাকার মানুষের কথা, আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। নতুন এ ভবন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাঞ্ছারামপুরের উন্নয়ন, সম্ভাবনা, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের নানা সমস্যা আরও কার্যকরভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক (পিএসসি), বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি), বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আলহাজ্ব দুধ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, ভিপি নাজমুল হুদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, আইনজীবী কামরুজ্জামান সুমন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের অ্যাডভোকেট রবিউল ইসলাম, বিএনপি নেতা শিশু মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এ ছাড়া বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি অধ্যাপক সৈয়দ শরীয়ত রসুলের সহধর্মিণী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।প্রেসক্লাব প্রতিষ্ঠার ইতিহাসপ্রেসক্লাব সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে প্রয়াত অধ্যাপক সৈয়দ শরীয়ত রসুলের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বাঞ্ছারামপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথচলায় সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার পাশাপাশি বাঞ্ছারামপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্মিত ভবন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, আধুনিক ও স্থায়ী এ ভবন স্থানীয় সাংবাদিকদের জন্য একটি সুসংগঠিত কর্মপরিবেশ তৈরির পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বাঞ্ছারামপুরের সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও বাঞ্ছারামপুরের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়