
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুরে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মো. ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া উপজেলার ছাতিয়াইন এলাকার মল্লাই মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া প্রায়ই মাদক সেবনের জন্য টাকা চেয়ে তাঁর মা-বাবাকে মারধর করতেন। এ ছাড়া বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন তাঁর মা-বাবা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মা-বাবার প্রতি এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেক সন্তানের উচিত মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাঁদের সঙ্গে সম্মানজনক আচরণ করা।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, মা-বাবার প্রতি নির্যাতন ও অসদাচরণ রোধে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
সন্তানদের প্রতি সতর্কবার্তা: মা-বাবা সন্তানের সবচেয়ে বড় আশ্রয়। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার, নির্যাতন কিংবা তাঁদের সম্পদের ক্ষতি করা শুধু পারিবারিক সম্পর্কের অবনতিই ঘটায় না, এর আইনগত পরিণতিও হতে পারে। তাই এলাকার সব সন্তানকে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।