
সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী-কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের নিকলীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।
বিআরডিবি কর্মকর্তা মো. মহসিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোজাম্মেল হক (আবির), বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাবেক আমির মতিউর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম, সাংবাদিক মো. নুরুল ইসলাম, সাংবাদিক শেখ উবাইদুল হক সম্রাট ও সাংবাদিক আবদুর রহমান (রিপন)।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিক মো. নুরুল ইসলাম নিকলী উপজেলার কৃষি ও সার ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, নিকলী উপজেলার অনেক কৃষিজমি পার্শ্ববর্তী উপজেলায় অষ্ট্রগ্রাম
হলেও এসব জমির মালিক নিকলী উপজেলার কৃষক। ফলে সার বরাদ্দের ক্ষেত্রে কৃষকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। তিনি বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় তিনি সৌয়াইজোনী নদীসহ বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টিও তুলে ধরেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম) নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মাদক, জুয়া, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরে বলেন, এসব কর্মকাণ্ড বন্ধ করা না গেলে সমাজে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে। জনস্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে অনেক কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে অনেকে বসতভিটা হারিয়ে বিভিন্ন শহরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। তিনি বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিকলীর হাওরবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা, পরিবেশ ও সামাজিক সম্প্রীতির প্রশংসা করে নবনিযুক্ত ইউএনও বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
সকলের সম্মিলিত সহযোগিতায় নিকলীর উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।