
শুভ্র মজুমদার
কালিহাতী, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চকখিলদা নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের আয়োজনে বিলবর্নী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো চকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর জমকালো ফাইনাল খেলা। এই প্রতিযোগিতার সভাপতি ছিলেন ক্লাবের সভাপতি আরশেদ আলী মন্ডল।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির। উদ্বোধক ছিলেন লতিফ প্রামাণিক। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন আ: মজিদ মেলেটারী, এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন আয়নাল হক।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—সুজন ফুটবল একাদশ বনাম মাসুদ ফুটবল একাদশ। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ট্রাইবেকারে সুজন ফুটবল একাদশ বিজয়ী হয়ে শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ক্লাবের সহ-সভাপতি শামীম হাসানের পরিচালনায় এবং মনির হোসেন (বাবু), শ্রাবণ ফকির ও আপন-এর দক্ষ তত্ত্বাবধানে খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস এবং আবেগপূর্ণ প্রতিক্রিয়া এই টুর্নামেন্টকে আরও সফল করে তোলে।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজলুর রশিদ শরিফ, আবু বকর তালুকদার, আব্দুল হাই তালুকদার, বেলায়েত মন্ডল, দুলাল ফকির, মোতালেব ফকির, জিল্লুর রহমান, ফরহাদ রেজা এবং নুরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি এই টুর্নামেন্টকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
চকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় যুবসমাজকে ফুটবলের প্রতি আগ্রহী করে তোলা এবং ক্রীড়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। এই প্রতিযোগিতা স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও সুসংহত করেছে।
টুর্নামেন্টের সফল সমাপ্তি ক্লাবের প্রচেষ্টারই প্রতিফলন। এলাকার ক্রীড়াপ্রেমীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ, সৃজনশীল এবং সাফল্যমুখী পথে এগিয়ে নিতে আরও বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।