
সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী—কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় নিকলী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবদলের আয়োজনে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (লিটন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু), সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম), সাবেক সাধারণ সম্পাদক ডা. কফিল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ (রতন), সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন (মোল্লা), কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি এমদাদুল ইসলাম (কহিনুর), হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান (বাবু), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ (তুহিন) এবং যুবদল নেতা মোজাম্মেল হক প্রমুখ।
উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. আবু কাউসার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী আরিফ হোসেন, মুসা হায়দার, নুরুলদীন, নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, “পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হলেও ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অন্যদিকে বিজয়ী হয়েও মীরজাফর গোষ্ঠী নৈতিকভাবে পরাজিত হয়েছে।”
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির পরাজয় হয়নি; বরং দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কিছু ব্যক্তির নৈতিক পরাজয় হয়েছে বলে তিনি মনে করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যাঁকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। নিকলী উপজেলার সাতটি ইউনিয়নেই চেয়ারম্যান ও মেম্বার পদে দল-সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু) বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে এগিয়ে নিতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম) বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করায় যাঁরা বহিষ্কৃত হয়েছেন, তাঁদের দলে ফিরে আসার সুযোগ রয়েছে কি না, তা দলীয় সিদ্ধান্তের বিষয়।
তিনি বলেন, বিগত ১৭ বছরের অনাচার ও অবিচারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, সবাইকে তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (লিটন) অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত করতে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।