
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোস্তাক আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার থেকে বনমোহন বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বহনের অভিযোগে মোস্তাক আহম্মেদকে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার হাটখোলা এলাকার মোঃ ইসমাইলের ছেলে।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত সাদা চেক পাঞ্জাবির ডান পকেট থেকে কমলা রঙের রাবার দিয়ে বাঁধা তিন পাতায় মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট ছিল। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানা গেছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।