
শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় বাস, মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।