রামু প্রতিনিধি
(মোহাম্মদ আলম)
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রামকুট এলাকায় আদালতের আদেশ অমান্য করে নিরীহ লোকজনের জমি জবরদখলের অপচেষ্টা ও মূল্যবান গাছ লুটের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ভোরে রাজু বড়ুয়া ও সুগত বড়ুয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি চক্র জমিতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ৫০টি আকাশ মনি (চিকনপাতা) গাছ কেটে লুট করে নিয়ে যায়। লুটকৃত গাছের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
ভুক্তভোগী কাজল কান্তি দাশ ও তার ভাই সজল কান্তি দাশ জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের ক্রয়কৃত জমিতে শান্তিপূর্ণভাবে গাছপালা সৃজন করে বসবাস করছেন। তবে সম্প্রতি রামুর পূর্ব মেরংলোয়া গ্রামের রাজু বড়ুয়া ও বৈদ্যেরখিল গ্রামের সুগত বড়ুয়ার নেতৃত্বে একটি চক্র তাদের জমি জবরদখলের নানা হুমকি-ধমকি দিয়ে আসছিল। নিরুপায় হয়ে কাজল কান্তি দাশ কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ১৫৪১/২০২৩) দায়ের করেন। আদালত জমিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে জমিতে প্রবেশ করে লুটপাট চালায়।
স্থানীয়রা জানান, লুটপাটের পর ভূমিদস্যুরা জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে এবং মামলা করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জমি ও সম্পদ রক্ষায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান