
মোঃ আতাউর রহমান
বাগমারা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহীর বাগমারা উপজেলায় প্রখর রোদে ধান ক্ষেত্রে কাজ করার সময় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বাগমারার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বজনদের ধারণা, হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম আলীর ছেলে। মন্টুর স্ত্রী সাজেদা বেগম বলেন, প্রচণ্ড গরমের কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। আগে থেকে তাঁর কোনো রোগ ছিল না।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু হোসেন আজ সকালে বাড়ির পাশে ধান ক্ষেত্রে কাজ করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর জন্য জগভর্তি পানি নিয়ে যান স্ত্রী। এ সময় তিনি স্বামীকে খেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মন্টুকে উদ্ধার করে অটোভ্যানে করে ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির পরিচালক ও চিকিৎসক আবদুল বারীক বলেন, ‘ওই কৃষককে মৃত অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে, হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।’
ধান ক্ষেত্রে কাজ করার সময় প্রচণ্ড গরমেই কৃষক মন্টুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইল হোসেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান