
শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ঘরের দরজা ভেঙে মা ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ আগস্ট(শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২৫) এবং তাদের চার বছরের মেয়ে রাজিয়া।
স্থানীয়রা জানান,প্রায় ছয় বছর আগে প্রেমের সূত্র ধরে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা বিষয়ে মনোমালিন্য ছিল বলে দাবি স্থানীয়দের।
ঘটনার আগের রাতে রাজীব বাড়ির বাইরে ছিলেন। শুক্রবার সকালে কনিকা মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যদের বাধার মুখে তাকে আবার বাড়িতে ফিরতে হয় বলে স্থানীয় সূত্রের দাবি।
এর কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন কনিকা। একপর্যায়ে ঘর থেকে শিশুটির চিৎকার শুনতে পান আশপাশের লোকজন। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে কনিকাকে ঝুলন্ত এবং রাজিয়াকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। তবে শিশুটির মৃত্যুর কারণ এবং মায়ের মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান