
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসান, গাড়িচালক ও তাঁর সঙ্গে থাকা আনসার সদস্য অক্ষত রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা কার্যালয় থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিল ইউএনওকে বহনকারী সরকারি জিপটি। পথে বিপরীত দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) জিপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সরকারি জিপটি সড়কের পাশে চলে যায় এবং যানটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১২-৮৬২৪) দুর্ঘটনাকবলিত যানবাহনের পেছনে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কের এ অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেকের মতে, অদক্ষ ও বেপরোয়া চালনা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই দুর্ঘটনা রোধে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও যানবাহন চালকদের দক্ষতা যাচাই আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) একই মহাসড়কে হেনা পরিবহন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে মাধবপুরে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
তবে এবারের দুর্ঘটনায় ইউএনওসহ সংশ্লিষ্টরা অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন মাধবপুরবাসী। স্থানীয়রা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান