
বেনাপোল থেকে এনামুল হকঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাজাপ্রাপ্ত আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও পাসপোর্ট আইনের এক আসামি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাদীপুর পূর্বপাড়ার মো. মিনার হোসেন (২৯), যাঁকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করেছে। খলশী গ্রামের সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার পাসপোর্ট আইনের মামলার আসামি মো. মিলন (৪০)।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় কোনো নাশকতার পরিকল্পনাকারী কিংবা মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার চার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে যশোর আদালতে পাঠানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে ৩ নভেম্বর বিধি অনুযায়ী পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, বেনাপোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান