
উপজেলা প্রতিনিধি,মোংলা(বাগেরহাট) :
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাঘ ও সুন্দরবন রক্ষায় জনসচেতনতা গড়তে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার (৩০ জুলাই২৫) বিকেলে মোংলার মিঠাখালী বাজার মাঠে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ওয়াইল্ড টিমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। আন্তর্জাতিক পাচার চক্রকে প্রতিহত করতে হবে এবং বনাঞ্চল সংলগ্ন জনপদে মানুষ-বাঘ দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ক্রীড়া সংগঠক শেখ রুস্তম আলী, বিএনপি নেতা এমরান হোসেন, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ মোঃ শাহ আলম শেখ, আজিজুর রহমান সোহাগ,টুটুল,রকিবুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, সোহেল হাওলাদার, পরিবেশকর্মী নাজমুল হক, হাছিব সরদার, বাদাবন সংঘের মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ শুভ, মঈনউদ্দীন প্রমুখ।
বাঘ মহড়ায় অংশ নেয় ওয়াইল্ড টিমের ভিটিআরটি’র সদস্যরা। পরে মাঠে শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে অংশ নেয় মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়ন ফুটবল দল।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ শামীম মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরও ঘোষণা দেন, যা পরিচালিত হবে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ এর উদ্যোগে মিঠাখালী বাজার মসজিদ চত্বরে।#
খান আশিকুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান