
মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলাসহ জেলার সর্বত্র সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আজ বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে চীফ হুইপ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
চীফ হুইপ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বিশেষ করে বামনা, বেতাগী ও পাথরঘাটার মতো উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও সক্ষম করে তুলতে হবে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিশ্চিত করার পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের সার্বিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে। রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা যেন না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
চীফ হুইপ বলেন, বরগুনার স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বরগুনার জেলা প্রশাসক, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান