
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পোরশা উপজেলার ২ নম্বর তেতুলিয়া ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের দাদা মসজিদের পেছনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম পোরশা উপজেলার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বিক্রয়মূল্য ৩৩ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পোরশা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান