
স্টাফ রিপোর্টার
মোঃ শাহিনুল খান পলাশ
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা ব্যবসায়ী মো. জনিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে মাদক সেবন ও ব্যবহারের অভিযোগে আরও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাদক ব্যবসায়ী জনির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
রোববার ১৯ জুলাই ২০২৬ রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ত্রিমোহনী বাজারের তালিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লুৎফর রহমান (লুটু) মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসআই মিজানুর রহমান, এসআই আবদুল লতিফসহ আমিনপুর থানার একটি চৌকস পুলিশ টিম অংশ নেয়। অভিযানে তালিমনগর গ্রামের বাসিন্দা মো. জনি পিতা: লুৎফর রহমান লুটু এর বসতবাড়ি থেকে ইয়াবা সেবন, ব্যবহার ও পরিবহনের বিভিন্ন আলামত জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জনি নিজেই গত তিন মাস ধরে ইয়াবার ব্যবসা করার কথা স্বীকার করেন। প্রশাসনের তথ্যমতে, ত্রিমোহনী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার অভিযোগে তিনি নজরদারিতে ছিলেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় জনিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া একই অভিযানে সুধান হালদার ও রানা খান নামে দুই ব্যক্তিকে মাদক সেবন ও ব্যবহারের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যথাক্রমে তিন মাস ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন,পাবনা জেলা পুলিশ সুপার সফি উল্লাহ নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমিনপুর থানাসহ পুরো পাবনা জেলায় ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা কঠোর অবস্থান বজায় রাখব। মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজের সচেতন মানুষ ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি। কোথাও মাদকের অভিযোগ পেলে তা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা আপোষহীন অবস্থানে আছি এবং থাকব।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান