
সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।
‘ঐক্য, সম্প্রীতি ও উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস)-এর উদ্যোগে উপজেলার হাওর বিলাস রিসোর্টে এ উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জারইতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন (জাকির)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ারেন্ট অফিসার (অব.) মুখলেছুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সৈনিক মো. বিলাল হোসেন, সার্জেন্ট হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
অসকসের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ বাহিনীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাদেকুর রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত অংশগ্রহণে গঠিত সশস্ত্র বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে। তাঁদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা এবং লাল-সবুজের পতাকা।
তিনি আরও বলেন, অগণিত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা, সহমর্মিতা ও শুভকামনা জানাই।
আমন্ত্রিত অতিথি শাহ মোয়াজ্জেম হোসেন (জাকির) তাঁর বক্তব্যে বলেন, ২১ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সম্মিলিত অবদান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতির এই বীর সন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও লাল সালাম। পাশাপাশি এমন একটি মহতী আয়োজনের জন্য আয়োজকদের বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরে উপস্থিত অতিথি ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান