
সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের খাবার খেয়ে অসুস্থ হয়ে ফখরুল ইসলাম কিরণ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর ও কনেপক্ষের দুই শতাধিক অতিথি অসুস্থ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁদের মধ্যে প্রায় ১৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাতিহাটি গ্রামের আক্কাস আলীর ছেলে স্বাধীন (২০)-এর সঙ্গে দামপাড়া ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের আরজু মিয়ার মেয়ে তাসমিনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর ও কনেপক্ষের বিপুলসংখ্যক আত্মীয়স্বজন ও অতিথি অংশ নেন।
অনুষ্ঠানে খাবার গ্রহণের পরপরই অতিথিদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুরের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মৃত ইউসুফ মাস্টারের ছেলে ফখরুল ইসলাম কিরণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই ঘটনায় তিনজনের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও অন্য কারও মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, ঘটনার বিস্তারিত জানতে ওসি (তদন্ত) শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিকলী থানার উপপরিদর্শক (এসআই) তুষার জানান, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে কিরণ নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ১৫০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর ও কনেপক্ষ মিলিয়ে দুই শতাধিক অতিথি অসুস্থ হয়েছেন বলে তাঁদের ধারণা।
থানা সূত্রে জানা গেছে, নিহত ফখরুল ইসলাম কিরণের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার প্রকৃত কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিয়ের অনুষ্ঠানের খাবার থেকে অসুস্থতার ঘটনা ঘটেছে কি না, খাবারে কোনো ধরনের দূষণ ছিল কি না কিংবা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত, চিকিৎসকদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান