
শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মধ্যে পোশাক ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যক্তিগত অর্থায়নে জেলার ২ হাজার ৮০০ পরিবারের সদস্যদের জন্য এ উপহারের ব্যবস্থা করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী এবং উপহারসামগ্রী বিতরণ করেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের ৩০০ পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিভিন্ন ধর্মীয় উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে সহায়তা দিয়ে আসছেন। ঈদে মুসলিমদের পাশাপাশি এবার দুর্গাপূজা উপলক্ষেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাই যেন নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান