
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
মনতলা ইউনিয়ন ভূমি অফিসের অভিযানে ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জাম ভাঙচুর।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নির্দেশনায় চৌমুহনী ধর্মঘর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে মনতলা ইউনিয়ন ভূমি অফিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) মনতলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বালু পরিবহনের কয়েকটি সরঞ্জাম ভাঙচুর করা হয়। প্রশাসনের এ ধরনের তৎপরতায় স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চৌমুহনী ধর্মঘর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই পাড়ের ফসলি জমি ভাঙন ও ক্ষতির ঝুঁকিতে রয়েছে। এতে এলাকার কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক অসহায় ও নিরীহ কৃষক প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকলে নদী ও কৃষিজমি রক্ষার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, নদী ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান