
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহাগ মিয়া সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।
নিহতের চাচা আব্দুল কাদিরের দাবি, রোববার (৩০ আগস্ট) সকালে প্রতিদিনের মতো সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি চালায়।
এরপর সোহাগকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা সীমান্ত এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তার চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান