
হামিদুল হক মার্শাল
নাইক্ষংছড়ি প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার সীমান্তবর্তী গর্জনিয়া এলাকায় একটি গাড়ির চাকার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করেছে গর্জনিয়া পুলিশ ফাড়ি।এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় একটি গাড়ি তল্লাশি করে এর চাকার ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার পরিমাণ আঠার হাজার পিস। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হওয়ায় রামুর পূর্বাঞ্চলের বিভিন্ন সীমান্তপথ মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে গর্জনিয়া, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝেমধ্যেই ইয়াবার বড় চালান উদ্ধারের ঘটনা ঘটছে।
এর আগে গর্জনিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় সোহেল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের তথ্যও পাওয়া যায়। এছাড়া বিজিবির পৃথক অভিযানে সীমান্তবর্তী গর্জনিয়া,কচ্ছপিয়া,লেবুচড়ি,গুমধুম,সহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে রামুর পূর্বাঞ্চলে একের পর এক বড় ইয়াবার চালান আটকের ঘটনায় মাদক পাচারের নতুন নতুন কৌশল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কখনো গাড়ির বিভিন্ন অংশ, আবার কখনো বাড়িঘর ও অন্যান্য স্থানে ইয়াবা লুকিয়ে পরিবহনের চেষ্টা করছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী রামুর পূর্বাঞ্চলে মাদক পাচার বন্ধে পুলিশের পাশাপাশি বিজিবির নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান