নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ২০২ নং দয়া রামদী মৌজার ভূঁইয়ার হাট এলাকায় বহু বছর ধরে ব্যবহৃত পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখল করে স্থায়ী ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় 'কেফায়েত উল্লাহ সুপার মার্কেট'-এর পূর্ব পাশে অবস্থিত রায়হান মিয়াদের (পিতা: কেফায়েত উল্লাহ) নিজস্ব জায়গা ইতিপূর্বে ইব্রাহিম সাহেবের কাছে বিক্রি করে দেওয়া হয় (যা বর্তমানে 'আমানিয়া বিল্ডিং' নামে পরিচিত)। নিজস্ব কোনো জায়গা অবশিষ্ট না থাকায় বর্তমানে শহীদুল ইসলাম রায়হান পাশেই অবস্থিত বহু বছরের পুরোনো খালটির কিছু অংশের ওপর স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, এই খালটিই দয়া রামদী ও রামদী গ্রামের বর্ষার পানি নিষ্কাশনের প্রধান পথ। গত বছর বন্যায় খালের পানি স্বাভাবিকভাবে সরতে না পারায় পুরো এলাকা দীর্ঘ দিন পানির নিচে তলিয়ে ছিল এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন খালের ওপর যদি স্থায়ী ভবন নির্মিত হয়, তবে আগামী বর্ষা মৌসুমে ভূঁইয়ার হাট বাজারসহ দুটি গ্রাম সম্পূর্ণভাবে জলাবদ্ধ হয়ে পানির নিচে তলিয়ে যাবে।
ভূঁইয়ার হাট বাজার ও দুটি গ্রামের হাজার হাজার মানুষের জীবনযাত্রাকে মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে উক্ত অবৈধ ভবন নির্মাণ বন্ধ এবং খালটি দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জরুরি হস্তক্ষেপ কামনা করছে স্হানীয় জনগণ ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান