আশুলিয়া প্রতিনিধি
মো:বাবুল হোসেন
সাভার আশুলিয়া,
শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকের অব্যাহত আন্দোলনের জেরে আজ বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় ৩০টি তৈরি পোশাক কারখানা। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কর্মবিরতি পালন করলে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে অন্যদিনের মতো আজ সড়ক অবরোধ, বিক্ষোভ কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ সূত্র জানায়, সকাল থেকে আশুলিয়ার ডিইপিজেডসহ অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানাসহ আশে-পাশের ৩০টি কারখানার ভিতরে শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি শুরু করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুপুরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
এছাড়া যৌথ বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় কয়েকজনকে আটক করা হয়। তারা হলেন- মোতালেব হোসেন, সেলিম রেজা, মো. রাসেল এবং লিটন কুমার দাস। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, কর্মবিরতি পালন করা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করলে আজকের মত শ্রমিকরা বাড়ি ফিরে গেছে। শ্রমিকদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে অস্বন্তোষ সমাধানের চেষ্টা চলছে। এছাড়া শিল্প খাতে উষ্কানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, র্যাব ও শিল্প পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় তাদের।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান